দৈনিক পল্লীবাংলা

আর্কাইভ দেখুন

ভোলার বোরহানউদ্দিন বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলার বোরহানউদ্দিন বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারাদেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ৷ এরআগে, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন। এসব মিছিলের সমাগমে র‍্যালি ও সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। র‍্যালি ও আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়গুলো তুলে ধরেন নেতারা।এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির আহম্মেদ, পৌর বিএনপির সহ-সভাপতি ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। নির্ধারিত দোকান ও গুদাম না থাকা, পণ্যের ওজনে কম দেওয়া, নির্ধারিত প্যাকেজ মূল্যের বাইরে ব্যাগের দাম আদায় এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে পণ্য বিতরণের অভিযোগ রয়েছে। এতে সরকারি ভর্তুকিতে স্বল্পমূল্যে পণ্য কিনতে গিয়ে ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন নিম্নআয়ের উপকারভোগীরা।শনিবার (৭ নভেম্বর) সরেজমিনে ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকায় টিসিবির পণ্য বিতরণের জন্য আটটি ডিলারের নামে পণ্য বরাদ্দ রয়েছে। বরাদ্দের তালিকায় রয়েছে পিংনা ইউনিয়নের মেসার্স মা এন্টারপ্রাইজ ও মেসার্স রবিন   এন্টারপ্রাইজ, দৌলতপুরের মেসার্স মিলন ট্রেডার্স, মহাদানের মেসার্স এস এ রাইস ফ্লাওয়ার প্রসেসিং, কামরাবাদের মেসার্স আরহাম এন্টারপ্রাইজ, চর জামিরার মেসার্স জাহান এন্টারপ্রাইজ এবং ভাটারার মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ।অভিযোগ রয়েছে, তালিকাভুক্ত অনেক ডিলারের নিজস্ব কিংবা ভাড়ায় নেওয়া নির্ধারিত স্থায়ী দোকান ও পণ্য সংরক্ষণের উপযুক্ত গুদাম নেই। তাঁরা বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে পণ্য বিতরণ করছেন। অথচ টিসিবির নির্ধারিত শর্ত অনুযায়ী ডিলারদের পণ্য সংরক্ষণ ও বিতরণের জন্য উপযুক্ত দোকান বা গুদাম থাকার কথা। এ অবস্থায় পণ্য সংরক্ষণ, পরিমাপ ও বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে নানা আলোচনা -সমালোচনা উঠেছে।ভুক্তভোগী পৌরসভার শিমলা বাজার এলাকার জুলেখা বেগম এবং মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের জামাল উদ্দিন ও আকবর আলীসহ কয়েকজন উপকারভোগীর অভিযোগ, কোনো কোনো ডিলার নির্ধারিত প্যাকেজের মূল্যের বাইরে ব্যাগের দাম আদায় করছেন। এমনকি পণ্য নিতে হলে ব্যাগ কিনতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি প্যাকেজে নির্ধারিত পরিমাণের তুলনায় চিনি ও ডালসহ বিভিন্ন পণ্য ওজনে কম দেওয়া হচ্ছে। এতে স্বল্পমূল্যে সরকারি পণ্য পাওয়ার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে তাঁদের দাবি।এদিকে পণ্য বিতরণকেন্দ্রে টিসিবির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্যানার প্রদর্শন না করার অভিযোগও রয়েছে। অনেক ক্ষেত্রে প্যাকেজের নির্ধারিত মূল্য, পণ্যের পরিমাণ ও বিবরণ এবং উপকারভোগীর সংখ্যা উল্লেখ করা হচ্ছে না। ফলে পণ্যের সঠিক ওজন ও মূল্য সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না ক্রেতারা। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই পণ্য বিতরণের অভিযোগ উঠেছে। এতে সরকারি পণ্য বিতরণ কার্যক্রমে তদারকি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।ডিলার নির্বাচনের যোগ্যতা ও শর্ত নিয়েও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, নিয়মিত মুদি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন। কোনো কোনো ডিলারের মুদি দোকানের পরিবর্তে রয়েছে রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিল। ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।অভিযোগের বিষয়ে মেসার্স জাহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলু মন্ডল বলেন, ‘সয়াবিন তেল, ডাল, চিনি ও লবণের প্যাকেজের জন্য ৪৪০ টাকা নেওয়া হচ্ছে। সবাই নিচ্ছে, তাই আমিও নিচ্ছি।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কোনো ডিলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ডিলারদের দোকান ও গুদাম থাকার বিষয়টি যাচাই, প্রতিটি বিতরণকেন্দ্রে ট্যাগ অফিসারের উপস্থিতি নিশ্চিত, পণ্যের সঠিক ওজন ও নির্ধারিত মূল্য প্রকাশ্যে প্রদর্শন এবং নিয়মিত তদারকি জোরদার করতে হবে।


যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ইরানি বাহিনী এখন আরও শক্তিশালী: সেনা মুখপাত্র

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ইরানি বাহিনী এখন আরও শক্তিশালী: সেনা মুখপাত্র

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী, সতর্ক ও অধিক উদ্দীপিত বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও শক্তিশালী অবস্থানে রয়েছে।” তিনি আরও জোর দিয়ে বলেন, যুদ্ধের সূচনালগ্নের পরিস্থিতির তুলনায় বর্তমানে ইরানি বাহিনীর মনোবল, অঙ্গীকার ও আত্মবিশ্বাস অনেক উচ্চে অবস্থান করছে। সরাসরি সংঘাতের মাধ্যমে অর্জিত এই অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীর সার্বিক সক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেন।


রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, অনুষ্ঠানের আহ্বায়ক ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী। প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সভাপতির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ইতিহাসভিত্তিক আলোচনা করে বলেন, “জাতীয় ঐক্য ও সংহতি একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহনশীলতা ও দেশপ্রেম চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”এ ছাড়া বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে দিবসটি উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।


শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরে জিয়া উদ্যানে গিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজারেপুস্পস্তবক অর্পণ শেষে পুরানা পল্টন দারুস সালাম কমপ্লেক্সের ৮ম তলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস.এম আকাশ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা, শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার, এসময় প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ভূপতি দাস, সহ- সভাপতি ইদ্রিস আলী, যুগ্ন আহ্বায়ক মোঃ ইফতেখার আলম শফিক, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, আসাদুজ্জামান আপন, মোঃ ফজলুর হক, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, মোঃ জমির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুসা, শাহজালাল ফরাজী, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।সভা শেষে মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।


ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ভাষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ভাষা শিক্ষা ও জ্ঞানচর্চার নতুন ভাবনা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ’ শীর্ষক এই সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা ভাষা, জ্ঞান উৎপাদন ও ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল)-এর আয়োজনে এটি তাদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনে মোট ১৪৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে এবং ২৫০ জনের বেশি শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী এই আয়োজনে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপনা, দুজন আমন্ত্রিত বক্তার আলোচনা, ‘রাইজিং স্টারস’ পর্ব এবং তিনটি কলোকুইয়াম সেশন রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেন, “বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই বাড়ছে। এ সময়ে অন্য একটি ভাষা জানা শুধু বাড়তি শিক্ষাগত যোগ্যতা নয়; এটি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করে এবং সাংস্কৃতিক বিনিময় ও গবেষণায় সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করে।”বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, “ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগ করা, নিজেদের ভাবনা ভাগ করে নেওয়া এবং অন্যের দৃষ্টিভঙ্গি থেকে শেখা খুবই গুরুত্বপূর্ণ। এসবই আমাদের একে অপরের সাথে আরও বেশি সংযুক্ত থাকতে ও একটি সহযোগিতাপূর্ণ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে গ্লোবাল নর্থের জ্ঞান ও একাডেমিক চর্চাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ গ্লোবাল সাউথের ভাষা, ইতিহাস, অভিজ্ঞতা ও নিজস্ব জ্ঞানচর্চা অনেক ক্ষেত্রেই যথাযথ স্বীকৃতি পায়নি। ডিকলোনিয়াল চিন্তাভাবনা আমাদের এই অসমতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় এবং প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করতে উৎসাহিত করে।”স্বাগত বক্তব্যে বিআইএলের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ বলেন, “আমরা বিশ্বাস করি, ভাষাশিক্ষা হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, প্রাসঙ্গিক ও পরিবর্তনমুখী। শিক্ষার্থীরা যে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠে, ভাষাশিক্ষার সঙ্গে তার একটি গভীর সংযোগ থাকা জরুরি।”বিআইএলের ডিরেক্টর ও কনফারেন্সের আহ্বায়ক প্রফেসর শায়লা সুলতানা সমাপনী বক্তব্যে বলেন, “আমরা ভাষা শিক্ষা ও শেখানোর কাজ শুধু প্রচলিত শ্রেণিকক্ষে সীমাবদ্ধ রাখতে চাই না। স্বাস্থ্যকর্মী ও নার্সদের জন্য যোগাযোগবিষয়ক কর্মশালা এবং নিরাপদ অভিবাসনে সহায়তার জন্য ভাষা ল্যাবের মতো ব্যবহারিক কর্মসূচিও আমরা সম্প্রসারণ করছি।”কনফারেন্সে স্পেনের ইউনিভার্সিটাট পম্পেউ ফাবরার প্রফেসর ড. ডেভিড ব্লক, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব কেপটাউনের ড. আনা ডিউমার্ট এবং যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর পিটার আই. ডি কস্তা মূল প্রবন্ধ উপস্থাপন করছেন। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে চীনের ফুদান ইউনিভার্সিটির প্রফেসর ইয়ংইয়ান ঝেং ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ড. আনোয়ার আহমেদ এবং ‘রাইজিং স্টারস’ পর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. নাসরিন পারভীন ও ইউল্যাবের মোহাম্মদ মশিউর রহমান অংশ নিচ্ছেন।


বারহাট্টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বারহাট্টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে (৭ নভেম্বর) শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।আলোচনা সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম।  অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে বক্তব্য দেন।


বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সবুর, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


বাগেরহাটে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহাটে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি শেষ হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মুজিবুর রহমান, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার,জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাদউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহবায় তরফদার গোরাম রসুল নেওয়াজ,জেলা দাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন সেনা ও জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রটোকল ভেঙে জনতার কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রটোকল ভেঙে জনতার কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয় ভেঙে রাজপথে সাধারণ জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সাত কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব’ প্রক্রিয়ার বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নিয়ে তিনি কার্যত মিশে যান জনতার কাতারে।আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি। বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে নেতাকর্মীরা এবং প্রধানমন্ত্রী স্বয়ং হেঁটে বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান। দীর্ঘ প্রায় এক যুগ লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিলেও বিএনপির কোনো দলীয় র‌্যালিতে হেঁটে অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম।র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। পথজুড়ে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সড়কের দুই পাশে হাজারও মানুষ ভিড় জমান। আশেপাশের ভবনের ছাদ ও জানালা থেকেও নারী-পুরুষ ও শিশুরা হাত নেড়ে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।প্রধানমন্ত্রীর এই পদযাত্রাকে নজিরবিহীন উল্লেখ করে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে বলেন, “এভাবে একজন প্রধানমন্ত্রীর পুরো র‌্যালিতে হেঁটে অংশ নেওয়ার দৃশ্য বাংলাদেশে বিরল। এটি গণতন্ত্র পুনর্নির্মাণের অভিযাত্রায় দেশবাসীকে উজ্জীবিত করবে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর খাল খনন কর্মসূচিতে গিয়ে একইভাবে মাইলের পর মাইল হেঁটেছিলেন।”র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পাশাপাশি সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনের অস্থায়ী মঞ্চে উঠে সংক্ষিপ্ত ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. ফরহাদ হালিম ডোনার ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানসহ শীর্ষ নেতারা। দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে নয়াপল্টনে সমবেত হলে কাকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এলাকা বিশাল জনসমুদ্রে পরিণত হয়। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও রঙিন ক্যাপ পরে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে কর্মসূচিতে যোগ দেন দলের কর্মী-সমর্থকেরা।


ঐতিহাসিক ৭ই নভেম্বরের র‍্যালীতে গাজীপুরের হাজার হাজার নেতাকর্মী

ঐতিহাসিক ৭ই নভেম্বরের র‍্যালীতে গাজীপুরের হাজার হাজার নেতাকর্মী

জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির র‍্যালীতে অংশগ্রহণ করার জন্য গাজীপুর মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন।৭ই নভেম্বর সকাল ১১ টা থেকে নগরের ৮ টি থানা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন রমনা পার্কে। এতে পুরো রমনা পার্ক গাজীপুরের বিএনপির পরিবারের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। পুর্ব নিধারিত সময়ে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে র‍্যালীতে অংশ গ্রহন করেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ঐ র‍্যালীকে সফল ও স্বার্থক করতে দুপুর আড়াইটায় রমনা পার্ক থেকে গাজীপুরের বিএনপির নেতাকর্মীরা রওনা হন জিয়া উদ্যানের পথে। এতে মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। ৮ টি সাংগঠনিক থানা বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদক, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। দলের বিপর্যয়কর পরিস্থিতিতে উইকেটে নেমে অপরাজিত দৃষ্টিনন্দন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন তিনি। ৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় সাজানো তাঁর অপরাজিত ২৪২ রানের এই ইনিংসটি শুধু টাইগারদের শঙ্কা থেকে মুক্তই করেনি, গড়েছে একাধিক নতুন রেকর্ড।হৃদয়ের এই ঐতিহাসিক ইনিংসটি টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন মাইলফলক স্পর্শ করেছে। এর মাধ্যমে তিনি ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের করা ২১৯ রানের আগের রেকর্ড ভেঙে দিয়েছেন। একই সঙ্গে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতককেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার অনন্য কীর্তি গড়লেন হৃদয়। এর আগে দেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করা অন্য তিন ব্যাটার হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।ইনিংসজুড়ে ছক্কার ঝড় তুলে বিশ্বরেকর্ড ও জাতীয় রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন হৃদয়। তাঁর মারা ১১টি ছক্কা টেস্ট ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় তাঁকে যৌথভাবে দ্বিতীয় স্থানে বসিয়েছে। এই তালিকায় টেস্টের ইতিহাসে এক ইনিংসে ১২টি করে ছক্কা মেরে সবার ওপরে আছেন কেবল ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সওয়াল। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এর আগে ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে সাতটি ছক্কা মেরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে।দলের মোট রানের শতকরা অবদানের দিক থেকেও নতুন ইতিহাস গড়েছেন হৃদয়। বাংলাদেশের মোট ৩৮৬ রানের মধ্যে তাঁর একাই অবদান ৬২.৬৯ শতাংশ (২৪২ রান), যা টেস্ট ইনিংসে দেশের হয়ে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল লিটন দাসের দখলে; ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৪৩ রানে অলআউট হওয়া সেই ইনিংসে লিটনের ২৫ রান দলের মোট রানের ৫৮.১৩ শতাংশ ছিল।এছাড়া বাউন্ডারি থেকে রান সংগ্রহের ক্ষেত্রেও দেশসেরা হয়েছেন হৃদয়। তাঁর ইনিংসে চার ও ছক্কা মিলিয়ে বাউন্ডারি থেকেই এসেছে ১৫৪ রান, যা টেস্ট ইনিংসে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ বাউন্ডারি রান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১টি চারের সাহায্যে ১২৪ রান করে আগের রেকর্ডটি গড়েছিলেন সাকিব আল হাসান। পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের আগের রেকর্ডও (২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান) পেছনে ফেলেছেন তিনি।৬ উইকেটে ১৮৪ রান থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পটাও ছিল দারুণ নাটকীয়। নিচের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে হৃদয়ের লড়াকু জুটি থেকে সপ্তম উইকেট পতনের পর যোগ হয় আরও ২০২ রান। টেস্ট ইনিংসে শেষ তিন উইকেট থেকে বাংলাদেশের এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ।দিনের খেলা শুরুর সময় ২৯ রানে অপরাজিত থাকা হৃদয় ওই দিন যোগ করেন আরও ২১৩ রান। এর মাধ্যমে টেস্টে একদিনে বাংলাদেশের কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের আগের রেকর্ডটিও ভেঙেছেন তিনি, যা ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১২ রান করে নিজের করে রেখেছিলেন সাকিব আল হাসান।


ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,৬৭৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,৬৭৪

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। গত ৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮২৬ জন ডেঙ্গুরোগী।তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এ রোগে প্রাণ হারিয়েছিল ৪১৩ জন।


কোনো ষড়যন্ত্রই দেশের জনগণকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

কোনো ষড়যন্ত্রই দেশের জনগণকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে; তবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের মতো সব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব আমরা দিতে চাই। আজকের এই র‌্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার দিন। ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।” এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে ও মুহুর্মুহু করতালি দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে জোরালো সমর্থন জানান।দুপুর ১২টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। কদম ফোয়ারা থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এলাকা জনসমুদ্রে রূপ নেয়। নেতাকর্মীদের হাতে ছিল লাল-সবুজের জাতীয় পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতিসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরিধান করে তারা র‌্যালিতে অংশ নেন।সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, “৭ নভেম্বর হলো জাতীয় ঐক্যের দিন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের দিন। দেশের ভেতর ও বাইরে এখনও ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে এবং পুনরায় আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। কিন্তু সে সুযোগ আর দেওয়া হবে না।” এ সময় তিনি “দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ” স্লোগান ধরেন।তিনি বলেন, “যে দেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করতে পারে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ঘটাতে পারে এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা সম্ভব নয়।”বিকেল ৩টায় নয়াপল্টনে স্থাপিত অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে র‌্যালিতে যোগ দেন এবং সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্যের মাধ্যমে এই ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালির সমাপ্তি ঘোষণা করেন। মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীরা এই বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।


চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি এবং বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, চরভদ্রাসন থানার পক্ষে এসআই মোরশেদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, কেএম ওবায়দুল বাড়ি দীপু খান, আরমান আলী সরদার, গোলাম মোস্তফা, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা, দেওয়ান রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলনেতা রাশেদ আল ফারুকী, মহিলা দলের নেত্রী তানজিলা আক্তার ও হাসিনা আক্তার নাহারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরভদ্রাসন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার বণিক সমবায় সমিতির হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের যৌথ উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে চরভদ্রাসন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।দিবসটির কর্মসূচিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। র‍্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন অলিগলি পরিষ্কার করেন। এ সময় বাজারে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যানজটমুক্ত চলাচল নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।দিবসটির বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসি ইফতেখারের বিরুদ্ধে

বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসি ইফতেখারের বিরুদ্ধে

বিয়ের আশ্বাসে এক তরুণীকে দীর্ঘ সময় ধরে ধর্ষণ ও পরবর্তীতে হুমকির দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই তরুণী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ওসির এক সহযোগীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।ভুক্তভোগী তরুণী ও তাঁর পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই অভিযুক্ত ওসি ও তাঁর লোকজন তাঁদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন। এর ফলে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে অভিযোগ দেওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।অভিযোগে ওই তরুণী উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে ওসি ইফতেখার হোসেন যখন কাশিমপুর থানায় কর্মরত ছিলেন, তখন একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে তিনি ওই থানায় যান। সেই সূত্রে ওসি ইফতেখার তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক চলাকালীন ওসি নিজেকে অবিবাহিত দাবি করে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন।ভুক্তভোগী জানান, ওসি ইফতেখার তাঁর বন্ধু সোহেলের বাসায় তাঁকে নিয়ে যেতেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। ওসির এই অপরাধে বন্ধু সোহেল সরাসরি জড়িত ছিল বলে অভিযোগে বলা হয়। সোহেল নিয়মিত ওই তরুণীকে ওসির সঙ্গে দেখা করার জন্য নিয়ে যেত এবং নিজের বাসাকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতে দিতো। পরবর্তীতে তরুণী বিয়ের তাগিদ দিলে ওসি তাঁকে ৫ বছর অপেক্ষা করতে বলেন এবং সর্বশেষ বিয়ে করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান।ভুক্তভোগীর দাবি, বিষয়টি জানার পর ওসির বাবা তাঁকে ফোন করে পরিবারের চরম আর্থিক অসচ্ছলতা নিয়ে কটূক্তি ও অপমান করেন। এর প্রতিবাদ করায় ওসি ইফতেখার তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন। গত ১১ সেপ্টেম্বর ওসি ক্ষমতার অপব্যবহার করে বন্ধু সোহেল ও এক কথিত আঙ্কেলকে তরুণীর বাসায় পাঠান। তাঁরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ওসির বিরুদ্ধে থাকা সমস্ত কল রেকর্ড ও মেসেজ ডিলিট করে দেন। এছাড়া ওসি তাঁর মা-বাবাকে বার্তা পাঠান যেন দ্রুত ওই তরুণীকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এ জন্য তিনি কিছু টাকা দেওয়ার প্রস্তাবও পাঠান।ভুক্তভোগী তরুণী বলেন, “কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ইফতেখার আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। আসামিদের ভয়ে আমি বাসা থেকেও বের হতে পারছি না। আমি এর বিচার চাই।” দ্রুত বিভাগীয় তদন্তপূর্বক ওসি ইফতেখার ও তাঁর সহযোগী সোহেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।এ বিষয়ে অভিযুক্ত ওসি মো. ইফতেখার হোসেন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান জানিয়েছেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং তা বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগ পাওয়ার পরই একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


১

শ্রীপুরে শ্রমিকদের অবরোধ চেষ্টা ছত্রভঙ্গ, ৩০ কারখানা বন্ধ

২

কপ-৩১ সম্মেলনে চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্ট

৩

গজারিয়ায় সংযোগ সড়কহীন সেতু এখন ধান-খড় শুকানোর চাতাল

৪

গাজীপুরে শ্রমিকদের অবরোধ চেষ্টা পুলিশের বাধায় পণ্ড, বন্ধ ৫০ কারখানা

৫

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

৬

তৈরি পোশাক খাতে ১৮ দিনে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ ও হাম উপসর্গে ৯ মৃত্যু

৮

কপ-৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

৯

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ

১০

লোভ লালসার ঊর্ধ্বে থেকে গাউক কে এগিয়ে নিয়ে যাবো-- কাজী ছাইয়েদুল আলম বাবুল

সর্বশেষ সব খবর
১

কোনাবাড়িতে শ্রমিক আন্দোলনে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা রবি চৌধুরী

২

গাজীপুরে গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা পরিদর্শনে জিসিসির প্রশাসক

৩

জনগণের দাবির মুখে রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বাপ্পি

৪

গাজীপুরে বাউল গানের আসরে সব বয়সী মানুষের মিলন মেলা

৫

মৎস্য ঘেরে বৃদ্ধ কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা‌চেষ্টা ও হাত ভাঙ্গার অ‌ভি‌যো‌গে মোল্লাহাটে মামলা, আসামি পলাতক

৬

হাতিমারা ক্লাব ফুটবলের প্রথম সেমিফাইনাল জরুন একাডেমি

৭

নিজের জন্মদিনে রাজনীতির মাঠে থাকার অঙ্গিকার-- ওয়াসিফ সালিম

৮

এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

গ্যাস সংকটে যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ, উত্তরাঞ্চলে সার সংকটের আশঙ্কা

১০

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা বিপ্লব খান

জনপ্রিয় সব খবর

আর্কাইভ