❌ Invalid video URL.
সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেনের বিরুদ্ধে রাজস্ব আদায়ে ব্যাপক অনিয়ম, কোটি টাকার আর্থিক গরমিল ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর কথিত গোপন বৈঠক ও অনিয়ম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ও গৃহকর আদায়ে সরকারি ফির চেয়ে বহুগুণ বেশি অর্থ নেওয়া হলেও নথিপত্রে মিলছে না তার সঠিক হিসাব। এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ হাজার টাকার নির্ধারিত ফির বিপরীতে ৮০ হাজার টাকা এবং অপর প্রতিষ্ঠানে ২ লাখ ৪০ হাজার টাকার বিপরীতে রসিদে ২ লাখ ৮০ হাজার টাকা দেখানোর মতো গুরুতর গরমিল সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সম্ভাব্য বদলি ঠেকাতে সচিব ১০ থেকে ১২ লাখ টাকার গোপন লেনদেন ও বৈঠক করেছেন। এছাড়া সরকারি নথিপত্র নিয়ন্ত্রণ ও অনিয়ম ঢাকতে তিনি বহিরাগত ব্যক্তিদের দাপ্তরিক কাজে ব্যবহার করছেন। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও সচিব আফজাল রাজধানীতে বহুতল বাড়ি, নিজস্ব ইটভাটা, একাধিক মূল্যবান জমি ও ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি (ঢাকা মেট্রো প ১৩-৬১১৮) ব্যবহার করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় ২০২৫–২৬ অর্থবছরের যাবতীয় রাজস্ব আদায়ে বিশেষ অডিট পরিচালনার পাশাপাশি সচিবের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন