আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের সহায়তায় জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশে চার লাখ ৮৬ হাজার ৮১২টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রতিবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৯৯টি, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৭৮ হাজার ৬০৫টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় বিনামূল্যে এই আইনি সেবা দেওয়া হয়েছে।উল্লেখ্য, দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও বিচার পেতে অসমর্থ জনগণকে আইনি সুরক্ষা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সম্পূর্ণ সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে এই সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট কার্যালয়, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক সেবা সেল, কারাবন্দি সহায়তা কার্যক্রমের পাশাপাশি টোল-ফ্রি জাতীয় হেল্পলাইন নম্বর ‘১৬৬৯৯’-এর মাধ্যমে সাধারণ নাগরিকেরা বিনামূল্যে এই আইনি সেবা পাচ্ছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।