তিন দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের পর থেকে কলেজের বিভিন্ন দাবি নিয়ে তাঁরা একাধিকবার আন্দোলন করেছেন। তবে দাবিগুলোর কোনো সমাধান না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—কলেজটি শতভাগ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য চালু রাখতে হবে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনেই রাখতে হবে এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রকল্প নরসিংদী শহরেই বাস্তবায়ন করতে হবে। দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত না এলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি এখন বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু আজ সকাল থেকে তাঁরা কলেজের ফটকে তালা দিয়ে আন্দোলন করছেন এবং কর্তৃপক্ষের কোনো বক্তব্যও শুনতে চাননি। বিষয়টি বাংলাদেশ তাঁত বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বোর্ডই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন অধ্যক্ষ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।