দৈনিক পল্লী বাংলা

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

গাজীপুর নগরীর কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার বাকবিতণ্ডা ও ঝগড়া মেটাতে গিয়ে তার ধারালো ছুরির আঘাতে রাফেজ আহমেদ (৩৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চক্রবর্তী এলাকার একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। ওই সময় পাশের আরেক ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান পথচারীদের সঙ্গে চিৎকার-চেঁচামেচি ও ঝগড়ায় জড়িয়ে পড়েন। রাফেজ ঘটনাটি মীমাংসা করতে এগিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে আতাউর ধারালো ছুরি নিয়ে হামলা চালান। এতে রাফেজের পেটে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে থাকা মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হন।ঘটনার পর স্থানীয়রা হামলাকারী ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (আটক) পুলিশের হাতে তুলে দেয়। আটক আতাউর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমেদ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, আটক আতাউরের বিরুদ্ধে পূর্বেও একটি হত্যা মামলা রয়েছে।

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে নিহত ১, আহত ২